ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ ওভারে ১৯ রানের বিনিময়ে আগের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের বাঁ হাতি স্পিনার জেডেন লেনক্স। তার দুর্দান্ত বোলিংয়ের সুবাদে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১-এ সমতায় ফিরেছিল সফরকারীরা। তৃতীয় ম্যাচেও বল হাতে উজ্জ্বল ছিলেন কিউই এই বাঁ হাতি লেগ স্পিনার। এবার তার ঝুলিতে ৪ উইকেট। তার বোলিং নৈপুণ্যে ক্যারিবীয় ব্যাটিংয়ে ধস নামিয়ে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের ১৪০ রানে গুটিয়ে ৬ উইকেটের জয় তুলে নিলো নিউজিল্যান্ড।
গায়ানার উইকেটে টার্ন আগের দিনের চেয়ে একটু কম মিলেছে এ দিন। তবে যথারীতি ছিল মন্থর ও নিচু বাউন্সের। আগের ম্যাচে ১৩৮ রানে গুটিয়ে যাওয়া ক্যারিবিয়ানদের ইনিংস এবার শেষ হয় ১৪০ রানে। সেদিন ৪১ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারানো দল এবার ১৯ রানের মধ্যে হারায় শেষ ৬ উইকেট। সেই ম্যাচে ৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন কিউই স্পিনাররা। এবার তাদের প্রাপ্তি ৮ উইকেট। মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল দু’টি করেই উইকেট নিয়েছেন আবার। সেদিনের ৫ উইকেট শিকারি লেনক্সের প্রাপ্তি এবার ৪টি। টানা দুই ম্যাচের ম্যাচসেরা বাঁ হাতি এই স্পিনার।
তিন ম্যাচে ১০ উইকেট নিয়ে একটি রেকর্ডও স্পর্শ করেছেন লেনক্স। নিউজিল্যান্ডের হয়ে এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারের কীর্তিতে ছুঁয়েছেন তিনি ইশ সোধিকে। রেকর্ডটি একার করে নিতে তার সামনে আছে আরো দুই ম্যাচ।
হেরে যাওয়ার ম্যাচে ক্যারিবিয়ানদের প্রাপ্তি ভাইটেল লজের বোলিং। স্বীকৃত ক্রিকেটে না খেলেই এই সিরিজে অভিষেক ম্যাচে তিন উইকেটের পর বাঁ হাতি এই রিস্ট স্পিনার এই ম্যাচেও নেন তিনটি উইকেট।
প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে আবার বোলিংয়ে নামে নিউজিল্যান্ড। প্রথম পাঁচ ওভার ভালোভাবে কাটিয়ে দেয়া ক্যারিবিয়ানরা ধাক্কা খায় ষষ্ঠ ওভারে। রান নেয়ার সময় হ্যামস্ট্রিংয়ে টানা লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জন ক্যাম্পবেল। আরেকপ্রান্তে ভালো শুরু করা আকিম অগাস্টে আউট হন ২৬ রানে। এরপরই দৃশ্যপটে স্পিনাররা। আগের ম্যাচের মতোই আর্ম ডেলিভারিতে শাই হোপকে বোল্ড করেন লেনক্স। স্যান্টনারকে রিভার্স সুইপ খেলে উইকেট হারান শেরফেন রাদারফোর্ড। ২৯তম ওভারের পঞ্চম বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করে সাজঘরের পথ ধরেন কেসি কার্টি। পরের ওভারেই বিদায় হেটমায়ার (২৬)। এরপর লেনক্স দুই ওভারেই নেন তিন উইকেট। ক্যারিবিয়ান ব্যাটিং ভেঙে পড়ে যেন চোখের পলকে। ছোট লক্ষ্যকে তাড়া করতে নেমে উইকেট বুঝে রান তাড়ায় ধীরস্থির ব্যাটিংয়ে এগোয় নিউজিল্যান্ড। হেনরি নিকোলস ও উইল ইয়াং ১১ ওভারে ৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন।



