আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুরস্কভিত্তিক দাতা সংস্থা টার্কি দিয়ানত ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন।
কমিটির চেয়ারম্যান ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তুর্কি দূতাবাসের রিলিজিয়াস এটাশে ওজগুর ওজ্যুরেক, আইআইইউসির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং রেজিস্ট্রার কর্নেল মো: কাসেম (অব:) প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. আলী আজাদী বলেন, রমজান মাস বরকত ও নাজাতের মাস। কারণ এ মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। রোজা মানুষকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি দেয়। তবে রোজার শিক্ষা যদি কেবল এক মাসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তা হলে তার প্রকৃত সুফল পাওয়া যায় না। ভিসি এ আয়োজনের জন্য টার্কি দিয়ানত ফাউন্ডেশন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
তুর্কি দূতাবাসের প্রতিনিধি ওজগুর ওজ্যুরেক বলেন, রমজান আত্মসংযমের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সংহতির বার্তা দেয়। তিনি উল্লেখ করেন, শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তুরস্ক ও বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হচ্ছে। এর আগে শিক্ষার্থীদের রমজান ও ইসলামী জীবন বিষয়ক বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আযহারি, প্রফেসর ড. শাফীউদ্দিন মাদানী। বিজ্ঞপ্তি।


