পর্তুগাল ও সৌদিতে দুর্ঘটনায় সিলেটের ৩ যুবকের মৃত্যু

Printed Edition

সিলেট ব্যুরো

ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পৃথক দুর্ঘটনায় সিলেটের তিন প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ওসমানীনগরের এক যুবক এবং সৌদি আরবে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের দুই যুবক নিহত হয়েছেন।

পর্তুগালে নিহত মো: শামসুল ইসলাম কামরান (২৫) ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বাসিন্দা ও মৃত মুতলিব আলীর তৃতীয় ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, চলতি বছর দেশে এসে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র তিন মাস পর তিনি আবার কর্মস্থল পর্তুগালে ফিরে যান। তার মৃত্যুর খবরে আলমেদাসহ পর্তুগালজুড়ে বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নিয়েছেন।

অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা শ্যাফটে পড়ে নিহত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়–য়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (দলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারা একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে ভবনের লিফট শ্যাফটে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।