পুরান ঢাকায় চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে নিহত ১

তিন জেলায় ধর্ষণ মামলায় গ্রেফতার ৩

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। কক্সবাজারে দুর্বৃত্তদের হামলায় আহত এক যুবক চট্টগ্রামের একটি হাসপাতালে মারা গেছেন। অন্য দিকে তিন জেলায় নারী ও শিশু ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, কক্সবাজারের নব গঠিত উপজেলা মাতামুহুরীর বদরখালী ইউনিয়নে দুর্বৃত্তদের হামলায় মেহেদী হাসান সাকিব (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টার দিকে চট্টগ্রামের এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী হাসান সাকিব মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতডালিয়া পাড়া এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে ।

স্থানীয়রা জানান, গত ১৩ আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সাকিবের সাথে স্থানীয় কয়েকজনের বিরোধ হয়। এ সময় তার ওপর হামলা চালানো হয়। পরে সাকিব নিজ এলাকা সাতডালিয়া পাড়ায় ফিরে এলে ফের হামলার ঘটনা ঘটে। এতে সাকিব, তার বাবা ওয়াজ উদ্দিন (৬৫), দুই ছোট ভাই আরফাত (১৮) ও মোশাররফ করিম (২১) গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের এশিয়ান হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাত ১টার দিকে সে মারা যায়।

চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানান, মেহেদী হাসান নামে একজন চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। এখনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

জবি সংবাদদাতা জানান, পুরান ঢাকার সদরঘাটে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো: সুমন ভূঁইয়ার অনুসারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মিতুল নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে।

শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মিতুলের পিতার নাম মো: রাসেল সরদার। তার বাড়ি ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার সাহাবাঙ্গল গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দু’জনই সুমন ভূঁইয়ার অনুসারী। তারা দু’জনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার রাতে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে কিরণ গ্রুপের একজন সদস্য নিহত হয়েছেন। পরে তার লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো: সুমন ভূঁইয়া বলেন, ‘এরা আমার সমর্থক নয়। তবে মাঝে মাঝে বিভিন্ন মিছিল-মিটিংয়ে থাকে। আমি শারীরিকভাবে অসুস্থ। বিস্তারিত জানতে পারিনি।’

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান বলেন, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় শ্রমিক যারা থাকে তাদের মধ্যে পূর্ব থেকে বিরোধ ছিল বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। পূর্বশত্রুতার রেশ ধরেই একটা ছেলেকে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরের টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাকিম ড্রাইভার উপজেলার গোলাবাড়ী এলাকার আবু হানিফের ছেলে। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার ভোরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী-নেকিবাড়ী সড়কের মধ্যবর্তী এলাকায় মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শেষ রাতের কোনো একসময় হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশটি থানায় নিয়ে যায় পুলিশ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর ও এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।

মামলার এজাহার ও পরিবারের অভিযোগ, প্রায় ২৬ দিন আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। পরে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা এবং আলামত নষ্ট করার অভিযোগ ওঠে ইউপি সদস্য আব্দুল মুমিনের বিরুদ্ধে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শনিবার রাতে থানায় মামলা করা হয় বলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, কিশোরীর মা বাদি হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। মামলার পর রাত ৩টার দিকে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের দেওয়ানগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নূর আলম (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে এ ব্যাপারে ভুক্তভোগী নারীর থানায় মামলার পরিপ্রেক্ষিতে ধর্ষক নূর আলমকে গ্রেফতার করে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত যুবক নূর আলম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পাটাধোয়াপাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে। জানা গেছে, ভুক্তভোগী নারী শনিবার রাতেই একমাত্র অভিযুক্ত আসামি নূর আলমকে বিবাদি করে একটি মামলা দায়ের করেছেন। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন নয়া দিগন্তকে জানান, রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত নূর আলমকে গ্রেফতার করা হয়। আজ ১৬ আগস্ট রোববার তাকে জামালপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।