ড্রোন হামলায় জ্বলছে লিবিয়ার সর্ববৃহৎ তেল শোধনাগার

Printed Edition

আলজাজিরা

লিবিয়ার অন্যতম প্রধান ও সবচেয়ে বড় সক্রিয় জাওয়িয়া অয়েল রিফাইনিং কোম্পানিতে ধারাবাহিক ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শোধনাগারটির একটি পেট্রলভর্তি রিজার্ভারে সরাসরি ড্রোন আঘাত হানার পর পুরো এলাকায় প্রচণ্ড আগুন ছড়িয়ে পড়ে। রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি সামাল দিতে ও আগুন নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

লিবিয়ার ন্যাশনাল অয়েল করপোরেশন (এনওসি) সোমবার রাতে দেয়া এক বিবৃতিতে উল্লেখ করে, ব্রেগা অয়েল কোম্পানির মালিকানাধীন ৪০২ নম্বর ট্যাংকে ড্রোনের সাহায্যে সুনির্দিষ্ট হামলাটি চালানো হয়। এতে প্রায় ৪৫ লাখ লিটার (১২ লাখ গ্যালন) জমা রাখা পেট্রল মুহূর্তেই বিস্ফোরিত হয় এবং প্রকাণ্ড আগুনে ট্যাংকটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে যায়।