স্থানীয় সরকার নির্বাচন

আ’লীগ নেতাকর্মীদের অংশ নেয়া আদালত ও ইসির সিদ্ধান্ত

Printed Edition

বিশেষ সংবাদদাতা

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়টি প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) ও আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছে বিএনপি। একই সাথে দলটি জানিয়েছে, যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, তাই প্রার্থী বাছাই ও নির্বাচনে অংশগ্রহণের কৌশল নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে দলের বার্ষিক নিরীক্ষিত হিসাব জমা দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই মন্তব্য করেন।

জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে প্রস্তাব দেয়া প্রসঙ্গে বিএনপির অবস্থান জানাতে রুহুল কবীর রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। ফলে কে নির্বাচনে অংশ নিতে পারবেন বা পারবেন না, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন ও আদালত। অন্য কোনো রাজনৈতিক দলের দাবির ভিত্তিতে নয়, প্রচলিত আইন অনুযায়ীই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।

দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। দলীয় ফোরামে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে অবস্থান জানানো হবে।

বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে তিনি জানান, দলের শীর্ষ নেতৃত্ব কাউন্সিল আয়োজনের ঘোষণা আগেই দিয়েছে। কাউন্সিল অবশ্যই হবে, তবে দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার ভাষ্য, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্য বহন করবে।