লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী সুন্নতে খৎনা কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে লাকসাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সুবিধাবঞ্চিত ও সাধারণ পরিবারের ৩০০ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খৎনা করানো হয়।
গতকাল শনিবার আয়োজিত এই কর্মসূচিতে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে মোট ১৪টি পৃথক বুথে আধুনিক ডিভাইস ও কসমেটিক সার্জারি পদ্ধতিতে চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। তিনি বলেন, প্রত্যাশিত চাহিদার চেয়ে সাড়া অনেক বেশি পাওয়া গেছে। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী এবং বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই দক্ষ চিকিৎসকের সমন্বয়ে স্বাস্থ্য ঝুঁকিমুক্তভাবে এ সেবামূলক আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে নিরাপদ পরিবেশে সন্তানদের সুন্নতে খৎনা করাতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অভিভাবকরা।



