চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা শামীম

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

গতকাল রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (জেলা পরিষদ শাখা) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব খোন্দকার ফরহাদ আহমদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ ক (১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমানকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

মাহবুবের রহমান শামীম বলেন, আমাকে দায়িত্ব দেয়ার জন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার কথা জানান তিনি।

প্রসঙ্গত: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন মাহবুবের রহমান শামীম। তবে ওই আসনে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদ।