রংপুর ব্যুরো
রংপুরের চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের পক্ষে আইনি সহায়তা না দেয়ার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।
শনিবার দুপুরে রংপুর আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আইনজীবী সমিতির সভাপতি জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আফতাব হোসেন। এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন, সমিতির সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আফতাব হোসেন বলেন, ‘গণপতি চক্রবর্তীসহ তার স্ত্রী, পুত্র, কন্যাকে হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। রংপুরের ইতিহাসে এমন ধরনের হত্যাকাণ্ড এর আগে ঘটে নাই। আমরা রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি।’
আফতাব হোসেন বলেন, ‘যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তাদেরকে আশ্বস্ত করতে চাই যে, আমরা রংপুর আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের যত প্রকার সহযোগিতা লাগে, আমরা আইনজীবীরা করব। আসামিপক্ষকে আমরা কোনো আইনি সহায়তা করব না।’
আফতাব হোসেন বলেন, ফেসবুকে যেগুলো দেখতেছি, অনেকেই বোধহয় এটাকে রাজনীতিকীকরণ করার চেষ্টা করতেছে। যে জিনিসটা তদন্ত চলতেছে, তদন্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো বলা যাবে না যে, তদন্ত সঠিক হচ্ছে কি না। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে যে, তদন্ত কাজ সম্পন্ন হওয়ার জন্য।



