অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে

Printed Edition
অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে
অভিনেতা আতাউর রহমান লাইফ সাপোর্টে

সাংস্কৃতিক প্রতিবেদক

অভিনেতা-নাট্যকার আতাউর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন।

তবে ওই হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়েছিল। কিন্তু অবস্থার পুনরায় অবনতি হলে রোববার তাকে আবারো লাইফ সাপোর্টে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তার মেয়ে শর্মিষ্ঠা রহমান গণমাধ্যমকে বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে, চিকিৎসকেরা তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’

আতাউর রহমানের শারীরিক অবস্থার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে। সহকর্মী ও অনুরাগীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।