শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা

Printed Edition
শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা
শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে অসুস্থ শিক্ষার্থীরা

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সিদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর। ইতোমধ্যে ডিমের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘বিদ্যালয়ের তত্ত্বাবধানেই ডিম সিদ্ধ করে শিক্ষার্থীদের খাওয়ানো হয় এবং সব ডিমই ভালো ছিল। প্রথম শিফটের শিক্ষার্থীরা একই ডিম খেয়েও অসুস্থ হয়নি। তবে দ্বিতীয় শিফটের কয়েকজন শিক্ষার্থী ডিম খাওয়ার পর হঠাৎ পেট ব্যথা ও অস্বস্তিবোধ করতে শুরু করে।’

খাবার সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ওসাকা’-এর প্রোগ্রাম ম্যানেজার আলিম আল রাজি মুক্তি জানান, শরণখোলার ১১৪টি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে ডিম সরবরাহ করা হয়েছে। অন্য কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। একটি বিদ্যালয়ের শিশুরা কী কারণে সাময়িক অসুস্থ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রিয় গোপাল বিশ্বাস জানান, অসুস্থ ১১ শিশুকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছে। সতর্কতার অংশ হিসেবে তাদের কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনির আহমেদ বলেন, প্রাথমিক অনুসন্ধানে ডিমে কোনো সমস্যা পাওয়া যায়নি। অনেক সময় একজন শিশু অসুস্থ হয়ে পড়লে অন্যদের মধ্যেও মানসিক প্রভাবে একই উপসর্গ দেখা দিতে পারে। এরপরও ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে ডিমের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।