টাঙ্গাইল শহরের ডিসি লেককে পরিচ্ছন্ন করে একটি মিনি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একই সাথে লেক-সংলগ্ন চর এলাকাকে বৃহৎ পর্যটনকেন্দ্র হিসেবে উন্নয়নের উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। গতকাল শুক্রবার সকালে ডিসি লেকে কচুরিপানা ও ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ডিসি লেক শুধু বিনোদনের স্থান নয়, এটি টাঙ্গাইল শহরের পরিবেশ ও সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। পর্যায়ক্রমে পুরো লেক পরিষ্কার করে মাছ চাষ করা হবে।
এর আগে প্রতিমন্ত্রী লেকের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে কচুরিপানা অপসারণ করেন। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



