ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটের সবচেয়ে সফল ও শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে তাদের মাঠে গিয়ে এভাবে চোখ রাঙিয়ে হারিয়েছে বাংলাদেশ, বিষয়টি বিস্ময়ের জন্ম দিয়েছে। অস্ট্রেলিয়ার এ পরাজয়ে হকচকিয়ে গেছে ক্রিকেট দুনিয়া। বিশ্ব মিডিয়া এক দিকে বাংলাদেশের প্রশংসা করতে করতে তোলপাড় ফেলে দিয়েছে, অন্য দিকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সমালোচনায় মুখর খোদ অসি মিডিয়া।
বাংলাদেশের জয়ের পর ক্রিকেটারদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফোনকলের বিষয়টি তুলে ধরে সিডনি মর্নিং হেরাল্ড শিরোনামে লিখেছে- ‘বাংলাদেশ পেল প্রধানমন্ত্রীর ফোন, আর অস্ট্রেলিয়া কল পাচ্ছে নতুন প্রতিভা খোঁজার দাবিতে’।
ক্রিকেট ডট কম ডট এইউ তাদের শিরোনামে লিখেছে, ‘ডারউইনে দুর্দান্ত টাইগারদের কাছে নাকাল অসিরা’।
আস্ট্রেলিয়ার পরাজয়কে বিস্ময়কর আখ্যা দিয়ে এবিসি ডট নেট লিখেছে, ‘বাংলাদেশের কাছে অসিদের বিস্ময়কর হার দীর্ঘ দিনের উপেক্ষিত সমস্যাগুলো নিয়ে অবশেষে কঠিন আত্মসমালোচনার বার্তা দিলো’। এ ছাড়া তাদের আরেক খবরের শিরোনাম- ‘ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার হার : ‘দুর্দান্ত’ টাইগারদের কাছে নাকাল অসিরা’।
দ্য ক্রনিক্যাল অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে এসেছে আতশি কাঁচের নিচে। রিকি পন্টিংয়ের কঠোর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান আর ডেভিড ওয়ার্নারের ওয়াদারাল্ড-লাবুশানে থেকে একজনকে বেছে নেয়ার খবর ফলাও করে প্রচার করেছে তারা।



