রাজশাহী ব্যুরো
উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। তিনি বিদায়ী চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।
নবাগত চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নেসকোর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। গত শুক্রবার ঢাকায় চেয়ারম্যানের দফতরে গিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়।



