নয়া দিগন্ত ডেস্ক
দেশে হাম ও উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন শিশু ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৮৫ জন।
গতকাল (৮ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল এক হাজার ৯২ জন। হাম ও উপসর্গে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৬২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৭৭৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮০ হাজার ১০৪ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭৮ জন ও আক্রান্ত ৪৪ হাজার ১৮১ জন।
ময়মনসিংহে আরেক শিশুর মৃত্যু
ময়মনসিংহ অফিস জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাসপাতালটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। গতকাল দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা: ঝন্টু সরকার।
তিনি জানান, মৃত শিশুটির বয়স ছয় মাস, বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায়। গত ৭ জুন হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ২টার দিকে শিশুটি মারা যায়।
সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ১ বছর ৫ মাস বয়সী শিশু খাদিজা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।
এ দিকে ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় তিনজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও উপসর্গে ৬৬ জনের মৃত্যু হয়েছে একজন ২২ বছর বয়সী নার্স এবং অন্য ৬৫ জন শিশু। এরমধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও অন্যরা উপসর্গে মারা গেছেন।



