নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের বিষয়টি বিবেচনাধীন : জোহরান মামদানি

Printed Edition
জোহরান মামদানি, বেনিয়ামিন নেতানিয়াহু
জোহরান মামদানি, বেনিয়ামিন নেতানিয়াহু

সিএনএন

আসন্ন সেপ্টেম্বরে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার প্রশাসন এখনো এই সম্ভাবনাটি খতিয়ে দেখছে বলে তিনি উল্লেখ করেন।

নিউ ইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে অংশ নিয়ে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি জানান, নেতানিয়াহুর সম্ভাব্য গ্রেফতারের আইনি দিকগুলো নিয়ে তার প্রশাসনের আইন বিভাগ সক্রিয়ভাবে আলোচনা করছে। নির্বাচনী প্রচারণার সময়ও তিনি এমন পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মামদানি বলেন, ‘আমি মনে করি, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। বিগত বছরগুলোতে তার কর্মকাণ্ডের কারণে বহু মানুষই এই বক্তব্যের সাথে একমত পোষণ করবেন।’

এই পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে আইনি কোনো বাধা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে মামদানি জানান, আইন বিভাগের সাথে এ বিষয়ে আলোচনা চলছে। আইনের সীমা অতিক্রম করে যাওয়ার কোনো আগ্রহ তাদের নেই। ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুসহ অন্য ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আইসিসির এই পরোয়ানার তীব্র নিন্দা জানিয়েছেন। অন্য দিকে মামদানি ইসরাইল সরকারের একজন কঠোর সমালোচক হিসেবে গাজায় চলমান সামরিক অভিযানকে জাতিগত নিধন বলে অভিহিত করে আসছেন, যদিও ইসরাইল এই অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল শনিবার জাতিসঙ্ঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ মেয়র মামদানির এই বক্তব্যকে ‘রাজনৈতিক নাটক’ হিসেবে আখ্যা দিয়ে মনে করিয়ে দেন যে, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য দেশ নয়। এর আগে ডব্লিউএবিসি রেডিওর উপস্থাপক সিড রোজেনবার্গের সাথে আলাপকালে নেতানিয়াহু নিজেই জানান, নিউ ইয়র্কের মেয়রের এই বক্তব্য নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। সামাজিক যোগাযোগমাধ্যমে জাতিসঙ্ঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যাননও মন্তব্য করেছেন যে, নেতানিয়াহু নিউ ইয়র্কে এসে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে বক্তব্য দেবেন এবং বিশ্বের সামনে ইসরাইলের অবস্থান ও নিজেদের নাগরিকদের রক্ষা করার অধিকারের বিষয়টি তুলে ধরবেন।