এএফপি
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুসারীদের মন্ত্রিসভা থেকে ছেঁটে ফেলেছেন অ্যান্ডি বার্নহাম। সরকারপ্রধান হওয়ার পরপরই জীবনযাত্রার ব্যয় কমানো এবং দেশের অর্থনৈতিক পুনর্গঠনে ১০ বছর মেয়াদি পরিকল্পনার কথা জানিয়ে নীতিগত পরিবর্তন ও বামপন্থী ভাবধারার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।
সোমবার ডাউনিং স্ট্রিটের ব্যাটন হাতে নিয়েই দ্রুত পদক্ষেপ নেন ৫৬ বছর বয়সী এই লেবার নেতা। রাজপ্রাসাদে রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর এক দশকে ব্রিটেনের সপ্তম এবং রাজা চার্লসের রাজত্বকালে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে যাত্রা শুরু করেন তিনি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া প্রথম ভাষণে তিনি ব্রিটেনকে আবার শিল্পমুখী করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং গৃহহীন সমস্যা দূর করে একটি ‘নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক মডেল’ দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপের মাধ্যমে নিজের কূটনৈতিক কার্যক্রমও শুরু করেন তিনি। ফোনালাপে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ও সামরিক সহযোগিতা বজায় রাখা এবং ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।



