ইবি সংবাদদাতা
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোগো ও ছবি সম্বলিত বিশেষ কাস্টমাইজড কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড (মাস্টারকার্ড) পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আগামীকাল রোববার থেকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন শেখপাড়া বাজার সাব-ব্রাঞ্চে শিক্ষার্থীরা এ কার্ড সংগ্রহ করতে পারবেন। গতকাল সাব-ব্রাঞ্চের ইনচার্জ ও সিনিয়র প্রধান কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, গত ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য ফ্রি ই-পেমেন্ট, এটিএম কার্ড ও অনলাইন ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে ক্যাম্পাসে বিশেষ ক্যাম্পেইন বুথ স্থাপন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এতে দুই সহস্রাধিক শিক্ষার্থী তাদের ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করেন। এরই ধারাবাহিকতায় রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বিতরণ করা হবে।
কার্ডটি ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেনের সুবিধাও নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদেশে চিকিৎসা খরচ পরিশোধ, বিদেশী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ফি প্রদান, দেশী ও আন্তর্জাতিক ই-কমার্স প্লাটফর্মে বাংলাদেশী টাকা এবং আন্তর্জাতিক মুদ্রায় কেনাকাটার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া ফ্রিল্যান্সিং লেনদেন এবং দেশ-বিদেশের এটিএম বুথ থেকেও টাকা উত্তোলন করা সম্ভব হবে।



