সিলেটকে ডেঙ্গুমুক্ত নগরী করতে চাই : সিসিক প্রশাসক

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরভবন প্রাঙ্গণ থেকে র‌্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগরভবনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সাংবাদিকদের সিসিক প্রশাসক বলেন, আমরা একটি ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে চাই। সে লক্ষ্যেই ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগেই চলতি বছরের জানুয়ারি থেকে প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছি। এখন মৌসুম শুরু হয়েছে, তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সচেতন হতে হবে। নিজেদের আঙিনা, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সে দিকে বিশেষ নজর দিতে হবে। তিনি বলেন, অতীতেও সিলেটে ডেঙ্গুর প্রকোপ তুলনামূলকভাবে কম ছিল। সবাই সচেতন থাকলে এবং সম্মিলিতভাবে কাজ করলে এবারো আমরা নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁঁকি থেকে নিরাপদ রাখতে সক্ষম হবো।

র‌্যালিতে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম, সচিব মো: আশিক নূর, প্রধান প্রকৌশলী মো: আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব:) একলিম আবদীনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।