হারিয়ে যাচ্ছে হালখাতা

Printed Edition

আসাদ সরকার

বর্তমানে গ্রামগঞ্জে হালখাতা নেই বললেই চলে। একেবারেই এই ঐতিহ্য বিলুপ্তির পথে। অপসংস্কৃতির কারণে দেশে সুস্থ সংস্কৃতি চর্চা হচ্ছে না। শুধু বছরের এক দিন নয়, সংস্কৃতিচর্চা যদি সারা বছরজুড়ে হয়, তাহলে উন্নত সংস্কৃতি হিসেবে পরিচিতি লাভ করবে এবং নববর্ষ হবে আরো সমৃদ্ধ

পয়লা বৈশাখ মানে রবিঠাকুরের সেই সঙ্গীত ‘এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ।’ বৈশাখ মানে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করা। বৈশাখ নিয়ে আসে কালবৈশাখীর ঝড়, বৈশাখ মানে নতুন প্রকৃতি। কবি কাজী নজরুল ইসলামের কবিতায়-

কাল-বৈশাখী আসিলে হেথায় ভাঙ্গিয়া পড়িত কোন সকাল,

ঘুণ-ধরা বাঁশে ঠেকা দেয়া ঐ সনাতন দাওয়া, ভগ্ন চাল।

এলে হেথা কাল-বৈশাখী/মরা গাঙে যেত বান ডাকি

বদ্ধ জাঙ্গাল যাইত ভাঙিয়া, দুলিত এ দেশ টালমাটাল।’

আসলে এই বৈশাখ কবে থেকে শুরু হলো? কে এই বৈশাখ আমাদের মধ্যে এনে দিলো তা হয়তো অনেকের অজানা। আবার অনেকেরই মনে আছে। পয়লা বৈশাখ বা পয়লা বৈশাখ মানে আমরা বুঝি বাংলা বর্ষপঞ্জিকার প্রথম মাস এবং বৈশাখের ১ তারিখ। তথা বাংলা নববর্ষ। যদি প্রশ্ন করা হয় এটি বাংলা কত সাল? কিন্তু এর উত্তর অনেকেই দিতে পারে না। যদি প্রশ্ন করা হয় কবে এই সনটি চালু করা হয়? কে বাংলা সন চালু করেন? কেন তিনি বাংলা সনকে চালু করেছেন? বর্তমান সময়ের অনেকের কাছেই এর উত্তর পাওয়া খুবই কষ্টকর। কারণ আমরা দিনে দিনে আধুনিকতার ছোঁয়া আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। অনেক গবেষকের মতে, ১৫৮৪ সালে সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তন করেন। বাংলা নববর্ষ পালনের সূচনা ও হয় আকবরের সময় হতে। বাংলা বর্ষপঞ্জিটি প্রথমে তারিখ-ই-এলাহি বা ফসলি সন নামে পরিচিত ছিল। ১৫৮৪ সালের ১০ অথবা ১১ মার্চ এটি বঙ্গাব্দ নামে প্রচলিত হয়। খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়ের জন্য মুঘল সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। এখন যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের মানুষ কত সালে বাংলা নববর্ষ পালন করে আসছে? এর উত্তর হয়তো কিছু কিছু মানুষ দিতে পারবে। বেশির ভাগ মানুষই দিতে অক্ষম হবে বলে আমি মনে করি। ১৩৭১ সালে (ইংরেজি ১৯৬৪ সালে) রমনার বটমূলে ছায়ানট নামের একটি সংগঠন প্রথমে বাংলা নববর্ষ পালন করে। কালে-ক্রমে বাংলার জাতীয় উৎসব হিসেবে পালন হচ্ছে। বর্তমানে পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মেলা এবং বিভিন্ন উৎসব পালন করা হয়। সারা দেশের প্রধান প্রধান শহরগুলোতে মঙ্গল শোভাযাত্রা হয়। নববর্ষকে কেন্দ্র করে নারী-পুরুষ বিভিন্ন রঙের পোশাক পরে। ছেলেরা সাদা পাঞ্জাবি যাতে ঢোল, একতারা, কুলা ইত্যাদির ছবি আঁকা থাকে। মেয়েদের পরনে থাকে সাদা, হলুদ শাড়ি। বাংলার পল্লী গ্রামগুলোতে বৈশাখ উৎসবে শুরু হয়- পালাগান, যাত্রাগান, কবিগান, পতুলনাচ, নাগরদোলাসহ নানান আনন্দ আয়োজন হয়ে থাকে। কিন্তু পয়লা বৈশাখের দ্বিতীয় বৃহত্তর হালখাতা এখন বিলুপ্তির পথে। আগের দিনে নবাব এবং জমিদারা পয়লা বৈশাখকে কেন্দ্র করে পুন্যাহ বা হালখাতা করতেন। পয়লা বৈশাখে জমিদাররা চাষির কাছ থেকে বকেয়া আদায় করার জন্য একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করতেন। চাষিদের ওই দিনে মিষ্টি বিতরণ করতেন। কোনো কোনো জমিদার ভালো গোশত পোলাও রান্নার করে বিয়েবাড়ি উৎসবের মতো আপ্যায়ন করে পেটভরে খাওয়াতেন। এতে জমিদারদের সাথে বর্গাচাষিদের দূরত্ব কমে যেতে। একটি ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হতো। আজ জমিদার প্রথার পাশাপাশি পুন্য বা হালখাতা বিলুপ্তির পথে। আগের যুগে ব্যবসায়ী বা দোকানদাররা সারা বছর বাকিতে মাল বিক্রয় করত। কিন্তু পয়লা বৈশাখ আসলে তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন রঙে রঙিন করে মাইক বাজিয়ে এবং হালখাতা কার্ড করে দাওয়াত দিয়ে আপ্যায়ন করত এবং পেট ভরে খাওয়ানোর পর মিষ্টিভর্তি প্যাকেট বাড়ির জন্য দিয়ে দিত। গ্রামে খুচরা দোকানগুলোতে সারাদিন মাইক বাজিয়ে হালখাতার উৎসব পালন করত। ছোট সময় অপেক্ষায় থাকতাম কবে পয়লা বৈশাখ আসবে। আর বাবা মিষ্টি নিয়ে বাড়িতে আসবেন। বাবার সাথে প্রায় হালখাতা যাওয়া হতো মোকামে। কিন্তু বর্তমানে গ্রামগঞ্জে হালখাতা নেই বললেই চলে। একেবারেই এই ঐতিহ্য বিলুপ্তির পথে। অপসংস্কৃতির কারণে দেশে সুস্থ সংস্কৃতিচর্চা হচ্ছে না। শুধু বছরের এক দিন নয়, সংস্কৃতিচর্চা যদি সারা বছরজুড়ে হয়, তাহলে উন্নত সংস্কৃতি হিসেবে পরিচিতি লাভ করবে এবং নববর্ষ হবে আরো সমৃদ্ধ।