জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সৈয়দপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ

Printed Edition

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জিআরপি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জিআরপি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী মো: শফিকুল ইসলাম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন। ছাত্রসমাজের নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলনে দেশের সব শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এতে এক হাজার চার শতাধিক মানুষ জীবন উৎসর্গ করেন এবং অসংখ্য মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন।

এ সময় আরো বক্তব্য দেন- সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ মাযহারুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান এবং বোতলাগাড়ী ইউনিয়ন আমির খয়রাত বসুনিয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন শহর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী।