আড়াই হাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান (৩৫) নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্য ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
গতকাল দুপুরে নিখোঁজ জামায়াত নেতার ভাগিনা ছাব্বির বাদি হয়ে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচনী এজেন্ট ছিলেন।
ছাব্বির বলেন, দুপুর ১২টায় মামার সাথে বাসায় ফেরার পথে কথা হয়। মামা বাড়িতে না ফেরায় আড়াইহাজার বাজারসহ আশপাশের এলাকায় খোঁজ নিয়েও মামাকে খুঁজে পাওয়া যায়নি। বারংবার মোবাইল ফোনে কল করা হলেও কেউ ফোন ধরছে না। তবে তার হোয়াটসঅ্যাপ থেকে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দেয়া হয়, যেখানে তার কথাবার্তায় তাকে উদ্বিগ্ন মনে হয়।
নারায়ণগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী আসন পরিচালক মাসুদুর রহমান গিয়াস বলেন, তাকে অপহরণ করা হয়েছে। তার সাথে কথা বলার পরই মোবাইল ফোন কেড়ে নিয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কায় রয়েছি।
এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা জানান, আমরা এখনো তার খোঁজখবর পাইনি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছি। আমাদের নেতাকর্মীরাও তাকে খুঁজছে। তিনি আমার নির্বাচনী এজেন্ট।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি- এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


