ক্রীড়া ডেস্ক
ল্যাটিন আমেরিকার দেশ উরুগুয়েতে ১৯৩০ সালে বসেছিল বিশ্বকাপের প্রথম আসর। সেই আসরে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা জয় আর পাচ্ছিল না যুক্তরাষ্ট্র। অবশেষে নিজেদের মাঠে চলমান আসরে গ্রুপ পর্বে ৯৬ বছরের অপেক্ষার অবসান ঘটাল আসরের সহ-আয়োজকেরা। প্যারাগুয়ের পর অস্ট্রেলিয়াকে হারিয়ে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করল মাওরিসিও পচেত্তিনোর দল। সকারুজদের ২-০ গোলে হারিয়ে টানা দুই জয়ে ৬ পয়েন্ট হলো যুক্তরাষ্ট্রর।
সিয়াটলে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান অ্যালেক্স ফ্রিম্যান। আর এই জয়েই ‘ডি’ গ্রুপ থেকে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। চোটের কারণে এই ম্যাচে অনুপস্থিত ছিলেন তারকা উইঙ্গার ক্রিশ্চিয়ান পুলিসিককে। সেই অভাব ঝুঝতে দেননি অন্যরা। ৬৩ শতাংশ বল পজিশনে রেখে গোলের জন্য নেয়া ৮ শটের দু’টি লক্ষ্যে রেখেই জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। অপর দিকে পাঁচ শটের দু’টি লক্ষ্যে থাকলেও জালের ঠিকানা খুঁজে পেল না অস্ট্রেলিয়া। তবে সকারুজদের বিপক্ষে ম্যাচ শুরুর ১১ মিনিটেই ভাগ্যের সহায়তায় এগিয়ে যায় স্বাগতিকরা। ফরোয়ার্ড ফোলারান বালোগান বাঁ দিক দিয়ে বক্সে ঢুকলে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। এ নিয়ে চলমান আসরে আত্মঘাতী গোল হলো সাতটি। এর চেয়ে বেশি আত্মঘাতী গোল হয়েছে ১২টি ২০১৮ আসরে।
বল দখলে রেখে আক্রমণ আধিপত্য করে দ্বিতীয় গোলের সুযোগ সৃষ্টি করতে পারছিল না যুক্তরাষ্ট্র। অবশেষে ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অ্যালেক্স ফ্রিম্যান। সতীর্থের ফ্রি-কিক বক্সের বাইরে পেয়ে সার্জিনো ডেস্ট শট নিলেন অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে বল উঠে যায় ওপরে। ছুটে গিয়ে হেডে কাছ থেকে জালে পাঠান মেরিল্যান্ডের এই ডিফেন্ডার। রেফারি শুরুতে অফসাইডের বাঁশি বাজালে দ্রুতই থেমে যায় যুক্তরাষ্ট্রের উদযাপন। লম্বা সময় নিয়ে ভিএআরের সাহায্যে যখন গোলের সিদ্ধান্ত জানান রেফারি, বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা। ৫১ মিনিটে ব্যবধান বাড়ানোর আরো একটি সুযোগ হারান বালোগান।
দুই গোলে পিছিয়ে পড়া অস্ট্রেলিয়া ব্যবধান কমানোর ভালো সুযোগ পায় ৬২ মিনিটে। কিন্তু বক্সে ফাঁকায় বল পেয়ে উড়িয়ে মারেন ক্রিস্টিয়ান ভলপাটো। একটু পর বক্সের বাইরে থেকে দুর্বল শট করেন কনর মেটকাল্ফ।
বাকি সময় দুই দলের সামনে সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি কেউ। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।



