হরমুজ প্রণালীকে ‘গুরুত্বহীন’ করতে ইরাক যুক্তরাষ্ট্রের ৬০ বিলিয়ন ডলারের মেগা চুক্তি

Printed Edition

আলজাজিরা

ব্যস্ততম হরমুজ প্রণালীর ওপর ভূরাজনৈতিক নির্ভরশীলতা কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সাথে ৪৮টি চুক্তি, সমঝোতা স্মারক ও অংশীদারিত্ব ঘোষণাপত্র সই করেছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সাম্প্রতিক ওয়াশিংটন সফরে সরকারি ও বেসরকারি খাতে হওয়া এই চুক্তিগুলোর মোট আর্থিক মূল্য ৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। এর মধ্যে জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি এবং দীর্ঘ দিনের অচল ইরাক-সিরিয়া তেল পাইপলাইন পুনর্নির্মাণের মতো মেগা প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে ইরাকি প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস জানায়, ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরাক ব্যবসায়িক সম্মেলনে এই প্রাথমিক চুক্তিগুলো সম্পন্ন হয়। এর মধ্যে ইরাকের তেল ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে যুক্তরাষ্ট্রের এক্সনমোবিল, কেবিআর, জিই ভার্নোভা, শেল এবং হ্যালিবার্টনের মতো শীর্ষ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব রয়েছে। পাশাপাশি বৈশ্বিক স্যাটেলাইট যোগাযোগ খাতে প্রভাবশালী প্রতিষ্ঠান স্টারলিংকের সাথেও একটি চুক্তি করেছে বাগদাদ, যার মাধ্যমে দেশটিতে স্টারলিংক সেবা চালু করা হবে। মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের চলমান সঙ্ঘাতের কারণে হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং তেল রফতানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতেই বিকল্প রুট হিসেবে ইরাক ও সিরিয়া দীর্ঘ দিন বন্ধ থাকা তাদের যৌথ তেল পাইপলাইনটি পুনর্নির্মাণে একমত হয়েছে। উত্তর ইরাকের তেলসমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই ঐতিহাসিক পাইপলাইনটি পুনর্বাসনের কাজ করবে মার্কিন জ্বালানি কোম্পানি শেভরন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম এই প্রকল্পের কারিগরি ও আর্থিক দিকগুলো দেখভাল করবে। পাইপলাইনটির সংস্কার কাজ শেষ হলে প্রাথমিকভাবে প্রতিদিন ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করা সম্ভব হবে, যা ইরাকের তেল উৎপাদনকে সরাসরি ভূমধ্যসাগরীয় অঞ্চলের আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত করবে। তুরস্কে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম ব্যারাক এই উদ্যোগ প্রসঙ্গে মন্তব্য করেছেন যে, নতুন এই চুক্তিগুলো এমন একটি কর্মসূচির পথ তৈরি করবে, যা কার্যত ‘হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তুলবে।’