কুরআন ও হাদিসের নির্দেশনা অনুসারে জ্ঞানার্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সত্য ও জ্ঞানের অনুসন্ধানকে উৎসাহিত করার ভিশন নিয়ে গঠন করা হয়েছে ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-আইআইআরএফ। ইসলামী জ্ঞান ও নীতির গভীরতা অনুধাবন, আধুনিক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের সমাধান খুঁজে বের করা এবং মুসলিম উম্মাহর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করার উদ্দেশ্যে এই সংগঠনটির যাত্রা।
সম্প্রতি চট্টগ্রামের বাটালীহিলের ফারহাতবাগ রেসিডেন্সে শিল্পপতি সালাহউদ্দীন কাসেম খানের সভাপতিত্বে ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুমোদনসহ নিবন্ধন সম্পূর্ণকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় প্রাথমিকভাবে ২২ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।



