রাজবাড়ী প্রতিনিধি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক (২৬) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রায় আট ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থলের অদূরে কেরোসিন ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাদিক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি গত বছর ফায়ার সার্ভিসের ‘সেরা ডুবুরি’ পদক অর্জন করেছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নিতাইগঞ্জ ফায়ার ঘাট এলাকায় নদী ফায়ার স্টেশনের জেটির সামনে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন সাদিকসহ তিনজন। এ সময় ঢেউয়ের ধাক্কায় স্পিডবোটের সামনের অংশ থেকে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।



