মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা চবি ভিসির

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চট্টগ্রামের যৌথ উদ্যোগে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সহায়তায় এই সচেতনতামূলক আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। তিনি বলেন, “মাদক কেবল একজন শিক্ষার্থীকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও রাষ্ট্রকে পঙ্গু করে দেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক সেতুবন্ধন তৈরি করা জরুরি। আমরা মাদকের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছি।”

বিশেষ অতিথির বক্তব্যে চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন বলেন, ‘মাদকের ভয়াবহতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন ও শিক্ষা জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মাদক নির্মূল করতে হলে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়বদ্ধতা রয়েছে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস। প্রধান বক্তা হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো: জাহিদ হোসেন মোল্লা মাদকের বিস্তার রোধে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও আইনি দিকগুলো তুলে ধরেন। বিশেষ অতিথি আরো বক্তব্য রাখেন- চবি মানসিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আফজাল হোসেন। বিজ্ঞপ্তি।