রংপুর ব্যুরো
গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে আজ শনিবার রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে দুই লাখ লোকসমাবেশের টার্গেট নিয়েছে আয়োজকরা।
গতকাল বিকেলে সমাবেশের সার্বিক বিষয় নিয়ে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সমাবেশ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব:) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।



