কারাগারে দাঙ্গা

গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা ঘোষণা

Printed Edition

আলজাজিরা

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সহিংসতার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো। অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ৩০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অপরাধী চক্র আটজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে এবং তিনটি কারাগার অবরোধ করেছে। রাজধানী গুয়াতেমালা সিটিতে কারাগারকেন্দ্রিক দাঙ্গা ও প্রতিশোধমূলক হামলায় অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

একই সাথে তিনটি কারাগারে গ্যাং সদস্যরা ডজনখানেক কারা কর্মকর্তা ও কর্মচারীকে অবরোধ করে। জরুরি অবস্থা জারির ফলে কিছু নাগরিক অধিকার সাময়িকভাবে সীমিত হবে এবং নিরাপত্তা বাহিনী আদালতের পূর্বানুমতি ছাড়াই সন্দেহভাজন ব্যক্তিকে আটক বা জিজ্ঞাসাবাদ করতে পারবে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও এটি এখনো দেশটির সংসদের অনুমোদন প্রয়োজন। জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্ট বলেন, ‘এই হত্যাকাণ্ডগুলোর উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনী ও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়া, যাতে আমরা গ্যাংদের বিরুদ্ধে লড়াই থেকে সরে আসি। কিন্তু তারা সফল হবে না।’ তিনি জানান, অবরুদ্ধ সবাইকে মুক্ত করা হয়েছে এবং হামলায় নিহতদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।