এপি
ব্রিটেনের বেলফাস্টে এক মর্মান্তিক ছুরিকাঘাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তর আয়ারল্যান্ডে টানা দ্বিতীয় রাতেও তীব্র সহিংসতা ও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। মুখোশধারী দাঙ্গাকারীদের সাথে পুলিশের এই দফায় দফায় সংঘর্ষে অন্তত ১২ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
উত্তর আয়ারল্যান্ডবিষয়ক সেক্রেটারি হিলারি বেন জানিয়েছেন, মঙ্গলবার রাতের তুলনায় বুধবার রাতের সঙ্ঘাত কিছুটা কম ছিল। তবে দ্বিতীয় রাতেও দাঙ্গা অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পানিকামান ব্যবহার করতে হয়েছে। এ দিকে সোমবারের সেই ছুরিকাণ্ডের পর কো অ্যানট্রিম এলাকায় মুখোশধারী দাঙ্গাকারীরা পুলিশের ওপর অতর্কিতে ইট ও পেট্রল বোমা ছুড়ে মারে। বেলফাস্টের উত্তর-পশ্চিমে নিউ টাউনঅ্যাবির স্যান্ডিনোজ রাউন্ডঅ্যাবাউট এলাকায় পুলিশ ও দাঙ্গাকারীদের মধ্যে রণক্ষেত্র তৈরি হলে একটি সরকারি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক ও মুখ ঢাকা কয়েক ডজন ব্যক্তি অ্যানট্রিম রোডে জড়ো হয়ে হাতুড়ি দিয়ে পাথর ভেঙে পুলিশের দিকে নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। স্যান্ডিনোজ এলাকায় প্রায় ২০০ মানুষের একটি উগ্র দল একটি পেট্রল পাম্পের পাশে থাকা পরিত্যক্ত ভবনে এবং রাস্তায় ময়লার বিনে আগুন ধরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দু’টি পানিকামান ব্যবহার করে। এ ছাড়া ডেরি শহরের আর্ডমোর রোড এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় উত্তর আয়ারল্যান্ডে গণপরিবহন সেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে এবং বেশ কিছু স্কুল নির্ধারিত সময়ের আগেই ছুটি দেয়া হয়।
ভুল তথ্য ছড়ানোর অভিযোগ ও নিন্দা
এ দিকে সোমবারের ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত চল্লিশোর্ধ্ব স্টিফেন ওগিলভি বর্তমানে বেলফাস্টের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলায় তিনি একটি চোখ হারিয়েছেন। এই ঘটনায় হাদি আলোদিদ (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে বুধবার তাকে আদালতে হাজির করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন ওগিলভির পরিবার পুলিশ মারফত দেয়া এক বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই হামলা নিয়ে ছড়ানো ‘ভুল তথ্য’ বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছে। চলমান সহিংসতা ও দাঙ্গার ঘটনায় গভীর ঘৃণা ও বিরক্তি প্রকাশ করে পরিবারটি বলেছে, ‘এই ঘটনার প্রতিক্রিয়ায় যে বিশৃঙ্খলা চলছে, আমরা তা কোনোভাবেই সমর্থন করি না। শান্তিপূর্ণ প্রতিবাদই একমাত্র গ্রহণযোগ্য পথ।’ তারা আরো যোগ করেন, ‘আমাদের দেশে অনেক অভিবাসী স্বাস্থ্যসেবা ও আতিথেয়তাসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং দেশের কার্যক্রম সচল রাখতে তাদের উপস্থিতি প্রয়োজন।’



