বিশেষ সংবাদদাতা
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে আজ রোববার কমিশন সভায় বসতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। তফসিলকে কেন্দ্র করে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে নাসিরউদ্দিন কমিশন দেখা করে ভোটের ব্যাপারে কথা বলবেন। কাল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এ সভা হবে। এ সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।
ইসির সংশ্লিষ্টদের কথা বলে জানা গেছে, সভায় সংসদ নির্বাচন ও গণভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতির পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা-নেয়ার সময়ও চূড়ান্ত হবে। তফসিলসহ ১০টি বিষয়ে সভার আলোচ্যসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তফসিলের আগের ও পরের কার্যক্রমগুলো, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সর্বশেষ অবস্থা, মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময় ও সমন্বয়সংক্রান্ত বিষয় ইত্যাদি।
ইতোমধ্যে, ভোট প্রস্তুতির সব কিছু গুছিয়ে এনে তফসিলের আগে আইন শৃঙ্খলা সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা করেছে ইসি। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে সার্বিক প্রস্তুতি অবহিত করতে ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থাটির সদস্যরা। এরপরে কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা করবেন সিইসি।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ডিসি, ইউএনওসহ মাঠ প্রশাসন ও এসপি, ওসিসহ পুলিশে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
নির্বাচন কমিশনার মো: আনোয়ারুল ইসলাম সরকার জানান, রোববারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে। তিনি জানান, তফসিল ঘোষণার সাথে সাথে কারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হচ্ছে তাও প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেয়া হবে। আইন-বিধি-নীতিমালায় নানা ধরনের সংস্কার হয়েছে এবার। তিনি বলেন, আইন-বিধি অনুসরণে শতভাগ পালনে ইসির শক্ত অবস্থান থাকবে এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হবে। সেই সাথে প্রার্থী, দল, ভোটারসহ সব অংশীজনের সহযোগিতাও চেয়েছেন তিনি।



