সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

৫ হাজার গাছের চারা হস্তান্তর

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নিকট পাঁচ হাজার গাছের চারা হস্তান্তর করা হয়েছে। গত সোমবার দুপুরে নগর ভবনে এসব চারা হস্তান্তর করেন পূবালী ব্যাংক বরিশাল শাখার কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী ও পূবালী ব্যাংকের ডিজিএম ইদ্রিসুর রহমানসহ কর্মকর্তারা। বরিশাল ব্যুরো।

মধ্যরাতে আগুনে পুড়ল বসতঘর

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মধ্যরাতে আগুনে একটি বসতঘর ও ঘরে থাকা সব আসবাব পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব হাসাড়া মাদরাসা পাড়া এলাকায় দেলোয়ার হাওলাদারের বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি বসতঘর, খাট, সুটকেসসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুনটি একটি ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা।

লুণ্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার

সিলেটের দক্ষিণ সুরমা থেকে পুলিশের লুণ্ঠিত তিনটি টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করেছে রথ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রথ্যাব)-৯। গত সোমবার রাতে ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁও আবাসিক এলাকা সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানের ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগ থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। রথ্যাব-৯ সূত্রে জানা যায়, উদ্ধার করা টিয়ারগ্যাস গ্রেনেডগুলো দেশের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। তবে অভিযানের সময় ঘটনার সাথে জড়িত কাউকেই পাওয়া যায়নি। এ বিষয়ে রথ্যাবের গোয়েন্দা তৎপরতা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪৯টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে। সিলেট ব্যুরো।

চুরি ও পকেটমার চক্রের ৬ নারী আটক

মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে চুরি ও পকেটমার চক্রের সন্দেহভাজন ছয় নারী সদস্যকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার সকালে তাদের আটক করে হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের কাছে সোপর্দ করা হয়। আটকরা হলেন- রুমি, মনিকা, মনোয়ারা, সীমা, রহিমা ও আফরোজা। তাদের বাড়ি জামালপুরে হলেও তারা আমঝুপি গ্রামে ভাড়া থাকতেন। হাসপাতালের এক রোগীর স্বজন জানান, লিফটে নামার সময় তার দুই বছর বয়সী শিশুর হাত থেকে সোনার বালা খুলে নেয় চক্রটি। পরে অন্য রোগীর পকেট থেকে টাকা চুরি করার সময় হাতেনাতে ছয়জন ধরা পড়ে। আনসার সদস্যরা তল্লাশি চালিয়ে একটি মুঠোফোন জব্দ করেন। ধারণা করা হচ্ছে, মূল মালামাল সটকে পড়া পুরুষ সহযোগীদের কাছে দেয়া হয়েছে। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে। মেহেরপুর প্রতিনিধি।

মেহেরপুরে বাস উল্টে আহত ১৩

মেহেরপুর শহরের ওয়াবদামাড় এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে পাঁচজনকে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী বাসটি ওয়াবদামাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও ইজিবাইক হঠাৎ সামনে চলে আসে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কসংলগ্ন ডোবায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করেন। হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহতদের মধ্যে ববিতা খাতুন, প্রিয়া খাতুন, মিলন, রেনোয়ারা ও ওসমান রয়েছেন। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, দুর্ঘটনায় কেউ নিহত হননি। বাসটি ডোবা থেকে তোলার কাজ চলছে। মেহেরপুর প্রতিনিধি।

যৌতুকের চাপে গৃহবধূর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যৌতুকের দাবিতে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষাক্ত ট্যাবলেট সেবন করে অষ্টমী রাণী রায় (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাণীশংকৈল উপজেলার কাতিহার গ্রামের যগেন রায়ের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সম্পর্কের জেরে চাচাতো বোনের স্বামী দুলাল চন্দ্র রায়ের সাথে অষ্টমীর বিয়ে হয়। সম্প্রতি তার স্বামী যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং টাকা না দিলে সংসারে না রাখার হুমকি দেন। বাবার বাড়ির আর্থিক অসচ্ছলতার কারণে টাকা দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন অষ্টমী। এরই জেরে গত সোমবার রাতে বিষাক্ত ট্যাবলেট সেবন করলে তাকে হাসপাতালে নেয়া হয়। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, ঘটনাস্থল রাণীশংকৈল থানা এলাকায় হওয়ায় সেখানকার পুলিশ বিষয়টি তদন্ত করছে। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা।

আঞ্জুমানের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফরিদপুরের বোয়ালমারীতে আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার ছোলনা সালামিয়া বহুমুখী কামিল মাদরাসায় দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে সেবা দেন। ছোলনা কামিল মাদরাসার সভাপতি শাহ্ সাইয়্যেদ মুরাদুল্লাহ আহমাদ ও সহসভাপতি গিয়াসউদ্দিন বেনু মিয়ার ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমান মফিদুল ইসলামের চেয়ারম্যান আলহাজ আব্দুস সালাম। সার্বিক চিকিৎসাসেবা প্রদান করেন ডা: শাখায়াত হোসেন, ডা: আবুল কালাম আজাদ, ডা: শারমিন আক্তার ও ডা: শেখ সোলায়মানসহ একটি স্বেচ্ছাসেবী দল। আয়োজকরা জানান, এ অঞ্চলের গরিব মানুষদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে এবং ভবিষ্যতেও মানবিক এ ধারা অব্যাহত থাকবে। বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা।

পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ভালতা (নাড়–য়া) গুচ্ছগ্রামের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- ফারুক হোসেন মণ্ডলের দুই সন্তান সুরাইয়া (৫) ও ফাইম (৮) এবং একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে জাকিরুল (৬)। গ্রামবাসী জানায়, সকালে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুপুরে গুচ্ছগ্রামের পুকুরে জাকিরুলের মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা ফাইমের লাশ উদ্ধার করে। তবে সুরাইয়ার সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ডুবুরি নামিয়ে পুকুর থেকে সুরাইয়ার লাশ উদ্ধার করেন। কাহালু (বগুড়া) সংবাদদাতা।

খেলা দেখা নিয়ে কলহে আত্মহত্যা

নোয়াখালীর সেনবাগে ফুটবল খেলা দেখা কেন্দ্র করে স্ত্রীর সাথে ঝগড়ার জেরে মো: আলাউদ্দিন রায়হান (২৭) নামে এক সৌদিপ্রবাসী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার ভোরে উপজেলার কেশারপাড় ইউনিয়নের কেশারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার আব্দুল বারেকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে বাজারে বন্ধুদের সাথে আর্জেন্টিনা ও স্পেনের ম্যাচ দেখে ভোরে বাড়ি ফেরেন রায়হান। এ সময় দেরিতে ফেরা নিয়ে স্ত্রী মারজান আক্তারের সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী বাপের বাড়ি চলে যেতে উদ্যত হলে রায়হান ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নোয়াখালী অফিস।