বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধে রাঙ্গাবালীতে মানববন্ধন

Printed Edition

পায়রা বন্দর (পটুয়াখালী) সংবাদদাতা

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ এবং ছোট ফাঁসের জাল দিয়ে মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ নিধন বন্ধের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন জেলেরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে সর্বস্তরের সাধারণ জেলেদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রান্তিক জেলে, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গোপসাগরে অবৈধ কাঠের ট্রলারের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। এসব জালে বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণুপোনা ও ছোট মাছ ধরা পড়ছে। প্রয়োজনীয় আকারের মাছ রেখে ছোট মাছের বড় একটি অংশ আবার সাগরেই ফেলে দেয়া হচ্ছে। এতে বিপুল পরিমাণ মৎস্যসম্পদ নষ্ট হওয়ার পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার।

জেলেরা বলেন, অল্পসংখ্যক ট্রলিং জেলে অবৈধভাবে মাছ শিকার করলেও এর নেতিবাচক প্রভাব পড়ছে অধিকাংশ সাধারণ জেলের ওপর। সাগরে মাছ কমে যাওয়ায় দিনের পর দিন মাছ ধরেও অনেক জেলে ট্রলার পরিচালনা, জ্বালানি ও বরফের খরচ তুলতে পারছেন না।

মানববন্ধনে অংশ নেয়া জেলে ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে অবৈধ ট্রলিং চললেও তা বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের দাবি, অবিলম্বে অবৈধ ট্রলিং বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া, রেণুপোনা নিধন বন্ধ, সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।