উদ্ভাবনের ২ বছর পর হস্তান্তর হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা টিকা

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচ৯এন২) ও গোট পক্সের ভ্যাকসিন উদ্ভাবনের দুই বছর পর প্রাণিসম্পদ অধিদফতরকে হস্তান্তর করা হয়েছে। গতকাল সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই দু’টি টিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (এইচ৯এন২) ও গোট পক্সের ভ্যাকসিন উৎপাদনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এটি গবেষণাগারের জ্ঞান ও উদ্ভাবনকে মাঠপর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দেয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এত দিন এসব ভ্যাকসিন আমদানিনির্ভর ছিল। এখন দেশের গবেষণাগার ও কারখানায় উৎপাদনের মাধ্যমে ভ্যাকসিনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় সরকার।

কৃষির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষির উন্নতি হলে দেশের অর্থনীতিরও উন্নতি হবে। চাষিরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেলে কৃষকের অর্থনীতি শক্তিশালী হবে এবং এর প্রভাব সামগ্রিক অর্থনীতিতে পড়বে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের দীর্ঘ দিনের ঋণসংক্রান্ত সমস্যার সমাধানে সরকার কাজ করছে। চাষিরা সরকার ক্ষমতায় আসার পর এসব কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। তবে এতে ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়নি; সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংককে ওই অর্থ পরিশোধ করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খান, বিএলআরআইয়ের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, প্রাণী টিকা বিশেষজ্ঞ অধ্যাপক বাহানুর রহমান।