মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : গয়েশ্বর চন্দ্র রায়

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমানে সমাজে উদ্বেগজনক হারে মাদকের বিস্তার ঘটেছে। মাদক এখন যুবসমাজের হাতের নাগালে পৌঁছে গেছে। তাই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলাসহ সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে।

শনিবার কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ২০২৬-২৭ অর্থবছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নতুন কুঁড়ি কর্মসূচির পাশাপাশি গ্রাম-গঞ্জ থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো যুবসমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করে সুস্থ, সুন্দর ও সৃজনশীল জীবন গঠনে উৎসাহিত করা।

তিনি বলেন, মাদক কোনো ধর্মই সমর্থন করে না। মাদকের কুফলের শেষ নেই। অলস মস্তিষ্ক নানা ধরনের অপকর্মের দিকে ধাবিত হয়। খেলাধুলা শরীরকে সুস্থ রাখে, মনকে প্রফুল্ল করে এবং যুবসমাজকে অপরাধ, অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সাথে চলাফেরা করছে এবং কী করছে- সেদিকে অভিভাবকদেরও নজর রাখতে হবে। তিনি উপস্থিত যুবসমাজের প্রতি মাদককে না বলে নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি। যুবসমাজ যত বেশি খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে, তত বেশি তারা মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

তিনি বলেন, আজকের শিশু-কিশোর ও তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে সরকার ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও এগিয়ে আসতে হবে। নিপুণ রায় চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকাশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে ২০২৬-২৭ অর্থবছরে ঢাকা-৩ আসনের সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে বিতরণ করা হয়।