প্রচারে আসছে আইশা খানের পাঁচ নাটক

Printed Edition
প্রচারে আসছে আইশা খানের পাঁচ নাটক
প্রচারে আসছে আইশা খানের পাঁচ নাটক

বিনোদন প্রতিবেদক

আইশা খান এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। একজন নন্দিত উপস্থাপিকাও তিনি। বিগত প্রায় পাঁচ মাস যাবত তিনি নতুন তেমন কোনো নাটকে অভিনয় করতে পারেননি, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার (মাছরাঙ্গা টিভিতে প্রচারিত) উপস্থাপনার কাজেই তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়েছে। এরই মধ্যে ম্যাজিক বাউলিয়ানার গ্র্যান্ড ফিনালে শেষ হলো। আবারো অভিনয়ে ফিরেছেন আইশা খান। আর এটিই তার ভক্ত দর্শকের জন্য সুখবর। কারণ যারা তার অভিনয়ের ভক্ত তারা তার নতুন নাটকের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে আইশা খান জানালেন, ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও এর আগে করা দু’টি নাটক এরই মধ্যে প্রচারিত হয়েছে। প্রচারের অপেক্ষায় আছে নতুন তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে- সাইদুর ইমনের ‘সে কী আসবে না’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনি বলছি’ ও মোহন আহমেদের ‘হৃদয়ে তুমি’। আমি একজন খুনি বলছিতে তার বিপরীতে আছেন জোভান। বাকি দু’টি নাটকে আছেন ইয়াশ রোহান। নাটকগুলো যেহেতু ভালোবাসা দিবসে প্রচার হয়নি। আইশা খান আশা করছেন, আগামী ঈদে নাটকগুলো প্রচারে আসবে। যেমন তিনি জানালেন, আগামী ঈদে প্রচারে আসবে সম্প্রতি শেষ করা মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ ও সাগর জাহানের ‘সদা সত্য বলিব’। আইশা খান বলেন, ‘বিগত প্রায় পাঁচ মাস আমি ম্যাজিক বাউলিয়ানা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে, নতুন নাটকে কাজ করার সুযোগ হয়নি। তবে আগে কাজ করা তার দুটো নাটক এরই মধ্যে প্রচারিত হয়েছে। তিনটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। হয়তো ঈদে নাটকগুলো প্রচারে আসবে। আবার আগামী ঈদের জন্য এরই মধ্যে আরো দু’টি নাটকে কাজ করেছি। এই দু’টি নাটকেরই গল্প সুন্দর। আর সাগর জাহান ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি এত ধরে ধরে কাজ করেন যে, অভিনয়টা ভীষণ উপভোগ করি। প্রচারের অপেক্ষায় থাকা প্রতিটি নাটক নিয়েই আসলে আমি আশাবাদী।’ প্রসঙ্গত, আইশা খান ২০২০ সাল থেকে একটু একটু করে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলেছেন। এখন তিনি পুরোদস্তুর একজন দর্শকপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন।