নাজিব ওয়াদুদের সাহিত্যকর্ম

সমাজ-বাস্তবতার অনন্য দলিল আলোচনা সভায় বক্তারা

Printed Edition
কথাশিল্পী নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত
কথাশিল্পী নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

রাজশাহী অফিস

বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কথাশিল্পী নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন উপলক্ষে গত সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, নাজিব ওয়াদুদ তার গল্প-উপন্যাসে বরেন্দ্রভূমির প্রকৃতি, মানুষ ও জীবনকে শৈল্পিক দক্ষতায় তুলে ধরেছেন। একই সাথে তার সাহিত্যকর্ম বাংলাদেশের সমাজ-বাস্তবতার এক অনন্য দলিল। আঞ্চলিক জীবনের উপাখ্যানকে তিনি জাতীয়, বৈশ্বিক ও কালোত্তীর্ণ শিল্পরূপ দিয়েছেন। এমন একজন সৃজনশীল সাহিত্যিককে রাষ্ট্রীয়ভাবে যথাযথ মূল্যায়ন করা জাতীয় দায়িত্ব।

চিন্তামূলক কাগজ ‘সারবত্তা’ ও ‘রৌদ্রলিপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীর সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক ড. আলমগীর স্বপন। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনীক মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রৌদ্রলিপি সম্পাদক ও কথাশিল্পী মনির বেলাল।

অনুষ্ঠানে ‘বরেন্দ্রভাষ্যের রূপকার নাজিব ওয়াদুদ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও কথাশিল্পী মঈন শেখ। তিনি বলেন, নাজিব ওয়াদুদের গল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো পদ্যের লালিত্য ও গদ্যের দৃঢ়তার অনন্য সমন্বয়। তার ভাষা সংযত, সংহত, গভীর এবং শৈল্পিক; অথচ সহজবোধ্য।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন প্রফেসর আব্দুস সামাদ, ছড়াকার জাইদুর রহমান, কবি সায়ীদ আবুবকর, খুরশীদ আলম বাবু, প্রফেসর ড. সামিউল ইসলাম, ড. ফজলুল হক তুহিন এবং ড. সায়ীদ ওয়াকিল।