নরসিংদী জেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সেক্রেটারি ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী বলেছেন, রাসূলের আদর্শের উপরে থাকলে কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব।
গতকাল শনিবার বিকেলে নরসিংদী জেলার ওলামা বিভাগ এবং সিরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ‘আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নববি নেতৃত্ব’ শীর্ষক সিম্পোজিয়াম প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাসূলের বিভিন্ন হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে সেই আলোকে রাষ্ট্র গঠনের আহবান জানিয়ে তিনি আরো বলেন, গুম, খুন, হত্যা রাহাজানি, চাঁদাবাজি, পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করতে চাইলে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ কায়েম করতে আমরা আপসহীনভাবে কাজ চালিয়ে যাব। ইনসাফ কায়েম করাও তাকওয়া। এই ইনসাফ কায়েম করার জন্যই জুলাই আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছিল।
নরসিংদী জেলার ওলামা বিভাগ এবং সিরাত উদযাপন কমিটির উদ্যোগে স্মার্ট কমিউনিটি সেন্টারে ওলামা বিভাগের নরসিংদী জেলার সভাপতি আব্দুল লতিফ খানের সভাপতিত্বে এবং ওলামা বিভাগ নরসিংদী জেলার সেক্রেটারি মুহা.ওয়ালী উল্লাহ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সিম্পোজিয়ামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক এবং অনুবাদক মুফতি আলী হাসান উসামা। সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন করেন জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মু.আব্দুল হান্নান আজহারী।
সিম্পোজিয়ামে প্যানেল আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আ ন ম রফিকুর রহমান আল মাদানী, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মো: শামসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলার সংগঠক মো: ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ খেলাফতে মজলিসের নরসিংদী জেলার আমির মাওলানা আব্দুন নূর, সাবেক ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী প্রমুখ।



