যুক্তরাষ্ট্রে জুলাইয়ে গ্রেফতারে রেকর্ড

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

চলতি বছরের শুরুতে মিনেসোটায় দুই আলোচিত বিক্ষোভকারী নিহত হওয়ার পর আটক অভিযান কিছুটা শিথিল করেছিল যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। তবে এখন সংস্থাটির কর্মকর্তারা রেকর্ড গতিতে গ্রেফতার অভিযান চালাচ্ছেন।

কংগ্রেসের কাছে পাঠানো আইসিইর অভ্যন্তরীণ পরিসংখ্যানের বরাত দিয়ে শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, জুলাইয়ের প্রথম ১২ দিনে প্রতিদিন গড়ে এক হাজার ৪০০-এর বেশি মানুষকে আটক করা হয়েছে।

গত বছর ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বছরে ১০ লাখ অভিবাসীকে বহিষ্কারের লক্ষ্য ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ‘অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ’ বন্ধ করা হবে।

এই লক্ষ্য পূরণ করতে হলে প্রতিদিন গড়ে প্রায় দুই হাজার ৮০০ জনকে গ্রেফতার করতে হবে।

আইসিইর তথ্য অনুযায়ী, জুন মাসে ৩৯ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেফতার করে আটককেন্দ্রে পাঠানো হয়। দৈনিক গড় গ্রেফতার ছিল এক হাজার ৩১৯ জন। এটি গত ডিসেম্বরে হওয়া আগের রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।

বর্তমানে দৈনিক গড় গ্রেফতারের সংখ্যা এক হাজার ৪৩৩। এ ধারা মাসের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে জুলাইয়ে মোট গ্রেফতার ৪৪ হাজার ছাড়িয়ে যাবে।

ফেডারেল কর্মকর্তাদের গুলিতে মিনিয়াপোলিসে রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ার পর দৈনিক গড় গ্রেফতার জানুয়ারির এক হাজার ১৬৪ থেকে ফেব্রুয়ারিতে এক হাজার ২৫-এ নেমে আসে।

মার্চে তৎকালীন হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েম কোনো প্রমাণ ছাড়াই দাবি করেছিলেন, নিহত দু’জনই অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিলেন। এর পর ট্রাম্প তাকে বরখাস্ত করেন।

একই মাসে আইসিইর দৈনিক গ্রেফতার গড়ে ৯৫৪ জনে নেমে আসে, যা চলতি বছরের সর্বনিম্ন। এরপর কয়েক মাস তা প্রায় এক হাজারের কাছাকাছি থাকলেও জুনে গ্রেফতার ৩৩ শতাংশের বেশি বেড়ে যায়।