ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর তৃতীয় শ্রেণীর ছাত্রী মারিয়ার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। যদুনাথপুর ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামে একটি পরিত্যক্ত ঘরের স্টিলের বাক্স থেকে রোববার ভোরে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মালার ছেঁড়া পুঁতি ও অন্যান্য আলামতের সূত্র ধরে তদন্তে অগ্রগতি আসে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন কিশোর সাজিদ (১৪), মৃদুল (১৬) ও রায়হান কবীরকে (১৬) আটক করা হয়। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে পৃথকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
আদালত সূত্র জানায়, ঘটনার দিন মারিয়াকে নির্যাতনের একপর্যায়ে তার মৃত্যু হয়। পরে লাশ গোপন করতে পরিত্যক্ত ঘরে লুকিয়ে রাখা হয়।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় মারিয়া। পরে তার বাবা ধনবাড়ী থানায় মামলা করেন।
ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম বলেন, অভিযুক্তরা কিশোর হওয়ায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।



