যুক্তরাষ্ট্রে নেতানিয়াহুকে গ্রেফতার করতে দেবেন না ট্রাম্প

Printed Edition
মামদানি, নেতানিয়াহু ও ট্রাম্প
মামদানি, নেতানিয়াহু ও ট্রাম্প

রয়টার্স

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এলে তাকে কোনো অবস্থাতেই গ্রেফতার হতে দেয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির সাম্প্রতিক হুমকির পরিপ্রেক্ষিতে নেতানিয়াহুর সুরক্ষায় নিজ অবস্থানের কথা সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তিনি। ওই বার্তায় সরাসরি মেয়রের নাম উল্লেখ না করে ইরান ইস্যুতে ইসরাইলের সামরিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।

এর আগে গত শনিবার এক সাক্ষাৎকারে নিউ ইয়র্কের মেয়র মামদানি জানান, নেতানিয়াহুকে নিউ ইয়র্ক সফরকালে আইনগতভাবে কীভাবে গ্রেফতার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞ দল কাজ করছে। তিনি আরো মন্তব্য করেন, নেতানিয়াহু একজন চিহ্নিত যুদ্ধাপরাধী এবং তার প্রকৃত জায়গা হেগের আন্তর্জাতিক আদালতে। উল্লেখ্য, জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রতি বছর সেপ্টেম্বরে নিউইয়র্কে যান ইসরাইলি প্রধানমন্ত্রী, যা সামনে রেখে মেয়রের এই বক্তব্য আসে। মামদানির এমন কড়া অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। রোববার এক্সে প্রকাশিত এক পোস্টে তারা আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে (আইসিসি) ‘ক্যাঙ্গারু কোর্ট’ এবং নেতানিয়াহুর বিরুদ্ধে ইস্যু করা পরোয়ানাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেয়। ২০২৪ সালে গাজায় মানবতাবিরোধী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেউই এই আদালতের আওতাভুক্ত নয় এবং তারা শুরু থেকেই এর এখতিয়ারকে সম্পূর্ণ অস্বীকার করে আসছে।