ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলবে অস্ট্রেলিয়া। এ জন্য ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের নেতৃত্বাধীন দলে জায়গা হয়নি তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের। একই সাথে অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে তরুণদের ওপর আস্থা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জুন। পরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।
বাংলাদেশে আসার আগে পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সেই সিরিজেও রাখা হয়নি কামিন্স, স্টার্ক ও হ্যাজলউডকে। চোট কাটিয়ে ফেরার পর লাল বলের ব্যস্ত সূচি বিবেচনায় এই পেস ত্রয়ীকে বিশ্রাম দেয়া হয়েছে । টি-২০ এবং ওয়ানডে উভয় দলের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার টি-২০ দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।



