কুবি প্রতিনিধি
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত পাঁচজন সাংবাদিককে সম্মাননা দেয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো: মানছুর আলম অন্তর। এ ছাড়া অনুষ্ঠানে আন্দোলনে আহত শিক্ষার্থী ও স্থানীয় সহযোগীদেরও সম্মাননা দেয়া হয়।
গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে আন্দোলনে আহত ৩৫ জন শিক্ষার্থী, পাঁচজন সাংবাদিক, সহায়তাকারী আটজন স্থানীয় বাসিন্দা এবং অংশ নেয়া আরো ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেয়া হয়। সম্মাননা পাওয়া অন্য চার সাংবাদিক হলেন- সৌরভ সিদ্দিকী (চ্যানেল আই), অনন মজুমদার (আমাদের সময়), সাঈদ হাসান (যুগান্তর) এবং আল শাহরিয়ার (ক্যাম্পাস টাইমস)।
উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে কুবির শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ ও শিক্ষার্থীদের ঐতিহাসিক প্রতিরোধকে স্মরণ করতে ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।



