মিয়ানমারে পাচারের আগেই সিমেন্ট সারসহ ১০ পাচারকারী আটক

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় সাড়ে ১৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দ্বীপ চ্যানেল-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সিমেন্ট ও সার উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত দু’টি বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে সীতাকুণ্ড থানাধীন সন্দ্বীপ চ্যানেল-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোট ও একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০ বস্তা সিমেন্ট ও ৩৮০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত দু’টি বোট জব্দ এবং ১০ জন পাচারকারীকে আটক করা হয়েছে।