কক্সবাজার অফিস
কক্সবাজারে দুই সাংবাদিক ও ১২ জুলাই যোদ্ধার বিরুদ্ধে আওয়ামী তাঁতি লীগের সাবেক এক নেতার করা দ্রুত বিচার আইন ও ২০ কোটি টাকার মানহানির মামলায় নিন্দার ঝড় উঠেছে। গত রোববার কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এস এম গিয়াস উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন। তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে তাঁতি লীগের নেতা ছিলেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক এক মাসের মধ্যে আদালতে রিপোর্ট দিতে জেলা পুলিশের সদর সার্কেলের এডিশনাল এসপিকে নির্দেশ দিয়েছেন। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ফেসবুক লাইভে এনসিপির কক্সবাজার জেলা শাখার নেত্রী ও জুলাইযোদ্ধা জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন ওই আইনজীবী। এর প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে ছাত্রসমাজ ও জুলাইযোদ্ধারা মানববন্ধন করেন। পরে ব্যানারের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়।
আদালতে দায়েরকৃত নালিশি দরখাস্ত থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা বনাম চকরিয়া উপজেলার মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলার বিষয়ে গণমাধ্যমে এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়ার একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। এই সাক্ষাৎকার নিয়ে বাদি অ্যাডভোকেট মোসলেম উদ্দিন একটি মন্তব্য করেন। মন্তব্যটি নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে তিনি মন্তব্যটি মুছে দিয়ে ক্ষমা প্রার্থনা করে ফেসবুকে একটি পোস্ট দেন। এদিকে মানববন্ধন কর্মসূচি চলাকালে হাসপাতালে ভর্তি ছিলেন দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি আব্দুল হালিম এবং ঘটনাস্থলের বাইরে ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি শামশুল আলম শ্রাবণ; কিন্তু তাদেরও মামলার আসামি করা হয়।
অন্য আসামিরা হচ্ছেন- জুলাইযোদ্ধা রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর রহমান সোহেল, সাঈদ স্বাধীন, আতহার সাকিব, আহসান জোবায়ের, যায়েদ বিন আমান, সোহানুর রহমান সোহেল, আবদু শুক্কুর রুবেল ও এনামুল হক। এ ছাড়া আরো অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে এই মামলাকে হয়রানি ও উদ্দেশ্যমূলক দাবি করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ্ আল ফারূখ, সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, এনসিপির জেলা আহ্বায়ক অধ্যাপক আখতারুল আলম, সদস্যসচিব অধ্যাপক ওমর ফারুকসহ বিভিন্ন মহল।



