পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপনে ঢাকা বায়তুশ শরফের কর্মসূচি

Printed Edition

পবিত্র মিলাদুন্নবী সা: উদযাপন উপলক্ষে ফার্মগেটস্থ বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকা শাখার পক্ষ থেকে ১৪ ও ১৫ আগস্ট দুই দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রথম দিন শুক্রবারের কর্মসূচির মধ্যে রয়েছে বায়তুশ শরফ মাদরাসা ঢাকার ব্যবস্থাপনায় সকালে হিফজ, কেরাত, হামদ-নাত, বক্তৃতা ও ঘরে বসে রচনা প্রভৃতি তামাদ্দুনিক প্রতিযোগিতা।

বিকেলে ‘সৃষ্টিকুলের সুন্দরতম ফুল প্রিয় রাসূল সা:-কে নিবেদিত বরেণ্য কবিদের স্বরচিত কবিতা পাঠের জলসা ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, সভাপতিত্ব করবেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী।

বাদ মাগরিব উর্দু, ফারসি, আরবি ও বাংলা নাতশিল্পীদের পরিবেশনায় ‘বযমে নাতে মুস্তফা সা:’ সারা দেশের বরেণ্য শায়েরদের জলসায় প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. কাওছার মুস্তফা আবুল উলায়ী, সভাপতিত্ব করবেন ঢাবি উর্দু বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গোলাম রব্বানী।

পরদিন ১৫ আগস্ট শনিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে ‘রাসূলুল্লাহ সা:-এর মাদানী জীবন : ইসলামী রাষ্ট্রব্যবস্থার অনুসরণীয় রূপরেখা’ শীর্ষক সেমিনার ।

এতে সভাপতিত্ব করবেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের ভিসি প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান; প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: রইছ উদ্দীন; প্রবন্ধ পাঠ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো: শহীদুল হক।

ওই দিন বাদ মাগরিব মসজিদ বায়তুশ শরফ চত্বরে তামাদ্দুনিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বায়তুশ শরফ প্রতিষ্ঠায় স্মরণীয় অবদান রেখেছেন এমন ১০ জন মুরব্বিকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।

এরপর পবিত্র মিলাদুন্নবী সা: মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মওলানা মুহিব্বুল্লাহ বাকী। বিজ্ঞপ্তি।