পরিবর্তন না আসার কারণ ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া : মুজিবুর রহমান

Printed Edition
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুলাই বিপ্লবের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ : নয়া দিগন্ত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুলাই বিপ্লবের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, বিগত সরকার যা করেছে, বর্তমান সরকারও তাই করছে। জুলাই-পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশিত পরিবর্তন না আসার কারণ হলো ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্রে কাক্সিক্ষত পরিবর্তন আসবে বলেও তিনি মন্তব্য করেন।

গতকাল শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা এবং আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বিগত সরকার যা করেছে বর্তমান সরকার তাই করছে। পতিত ফ্যাসিস্ট সরকার আর বর্তমান সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না’। তিনি আরো বলেন, ‘জুলাইয়ের সূচনা হয়েছে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চালু করেছিল নানান রকম কোটা, বর্তমান সরকার চালু করেছে বিএনপি কোটা। সরকার সর্বত্র নিলজ্জভাবে দলীয়করণ করছে। সরকারের একজন মন্ত্রীর বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, জুলাই-পরবর্তী সময়ে কিছুই পরিবর্তন হয়নি। এর কারণ হিসেবে তিনি সরকারের ‘জুলাই চেতনা’ বাস্তবায়নের পরিবর্তে ‘ফ্যাসিবাদের পথে’ চলার অভিযোগ করেন। তিনি বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে সবকিছুর পরিবর্তন হবে। সরকার এ বিষয়ে বিরোধী দলের সহযোগিতা চাইলে জামায়াতে ইসলামী সেই সহযোগিতা করবে, ইনশা আল্লাহ।

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের মুক্তির সংগ্রামের ইতিহাস দীর্ঘ। তবে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের পরও জনগণের ভাগ্যের মৌলিক পরিবর্তন হয়নি। তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন বাস্তবায়নে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, জুলাই বিপ্লবের দুই বছর পরও শহীদদের প্রত্যাশা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেয়ার কথা ছিল। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, দলটি সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তিনি জুলাই শহীদ ও আহতদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করার দাবি জানান এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মহানগরীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন,কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন ও শাহীন আহমেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।