উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আবারো নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল দুপুরে ১৪ নম্বর ব্রিজসংলগ্ন বেদ বাগান এলাকায় গাছ ফেলে একটি যাত্রীবাহী পালকি বাসের গতিরোধ করে সংঘবদ্ধ ডাকাতদল। এরপর তারা বাসে উঠে ধারালো অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে বিকাশের দুই সেলসম্যানের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ডাকাতরা বিকাশের দুই কর্মী আরমান (২৮) ও একরামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঘটনার পর মহাসড়কে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিনের আলোতে ব্যস্ততম মহাসড়কে সঙ্ঘটিত এমন দুঃসাহসিক ডাকাতি ঘটনায় স্থানীয় বাসিন্দা, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ যাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
উখিয়া-টেকনাফ অঞ্চল দীর্ঘদিন ধরেই মানবপাচার, অপহরণ করে মুক্তিপণ আদায়, মাদকপাচার ও সশস্ত্র অপরাধী চক্রের তৎপরতার কারণে আলোচনায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধ দমনে বিভিন্ন সময় অভিযান চালানো হলেও পুরো পরিস্থিতি এখনো কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই ব্যস্ত মহাসড়কে দিন দুপুরে সঙ্ঘটিত এই ডাকাতি জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।
ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তবে এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



