ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর সাজা
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ অভিযান পরিচালনা করেন। জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের হাইস্কুল এলাকা থেকে শান্ত (২৩) ও আজিজ মিয়াকে এবং ধানুয়াকামালপুর রহিমপুর এলাকা থেকে সোহাগকে মাদক সেবনের সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। এ ছাড়া আজিজকে অতিরিক্ত ১২ দিন এবং সোহাগকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এ সাজা দেয়া হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।
মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ
মাগুরার শালিখায় মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৩০ জন মা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। গ্রামীণ মায়েদের স্বাস্থ্য সচেতনতা ও শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের উদ্দেশ্যে এই বিশেষ কর্মসূচি প্রণয়ন করা হয়। কর্মশালায় মায়েদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেন সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাইমুন নিছা এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহারিন সুলতানা। এ ছাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম ও মেডিক্যাল অফিসার শেখ আরিফুজ্জামানও উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ গ্রামীণ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শালিখা (মাগুরা) সংবাদদাতা।
বিশেষ অভিযানে শটগানসহ আটক ১
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ শটগান উদ্ধার করেছে। এ ঘটনায় পিরোজপুর সদরের জুজখোলা গ্রামের সজীব সরদার (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, রোববার ভোর রাতে তালুকদারহাট এলাকায় নিয়মিত পেট্রোল ডিউটির সময় সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী সজীবকে থামানো হয়। তার মোবাইল ফোন তল্লাশি করে একটি শটগানের ছবি পাওয়ায় তাকে আটক করা হয়। পরে কাউখালী থানার ওসির নেতৃত্বে পুলিশ দল বিকেলে সজীবের গ্রামের বাড়ির পাশের একটি কচুরিপানা ঘেরা ডোবা থেকে শটগানটি উদ্ধার করে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর সোমবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ওসি এবাদ আলী জানান, অস্ত্রটির উৎস এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্রটি পরীক্ষার জন্য পাঠানো হবে। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা
পিরোজপুরের নাজিরপুরে গ্রাম আদালত সম্পর্কে সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি হল রুমে ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’-এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করছে। সর্বোচ্চ তিন লাখ টাকা মূল্যমানের বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি বিরোধ, যেমন প্রাপ্য অর্থ আদায়, জমি দখল পুনরুদ্ধার ও স্ত্রীর ভরণপোষণসংক্রান্ত মামলা এখানে নিষ্পত্তি সম্ভব। বক্তারা আরো বলেন, গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়লে স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত মিটবে এবং উচ্চ আদালতের ওপর মামলার চাপ কমবে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা।
বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কাজীরগাঁও গ্রামে বজ্রপাতে রাহেলা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম ওই গ্রামের বাসিন্দা আলতাফ আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় এলাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এ সময় রাহেলা বেগম বাড়ির পাশে প্রয়োজনীয় কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি শুরুর সাথে সাথে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। বিকট শব্দ শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ছুটে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রতিবেশীরা তাকে অত্যন্ত পরিশ্রমী ও সদালাপী নারী হিসেবে স্মরণ করেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা।
চা দোকানিকে পিটিয়ে হত্যা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে এক চায়ের দোকানদারকে অতর্কিত হামলায় পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম নাসিম (৩৮), তিনি সুনই গ্রামের বাসিন্দা ও কারির বাজারের চায়ের দোকানদার। জানা যায়, গত রোববার সকাল ৬টায় নাসিম বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় গ্রামের প্রভাবশালী কয়েকজন ব্যক্তির নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। নাসিমের চিৎকারে তার বড় ভাই আল আমীনসহ গ্রামবাসী এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে ধর্মপাশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু রায়হান সজিব তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা মডেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধর্মপাশা থানার ওসি শহীদুল্লাহ জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মামলা দায়ের করা হবে। ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা।
নদীতে গোসলে নেমে ২ ভাই নিখোঁজ
লালমনিরহাটের ধরলা নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই কিশোর ভাই নিখোঁজ হয়েছে। গত রোববার দুপুরে সদর উপজেলার মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই ভাই হলো কর্ণপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে শাওন ও সাব্বির। স্থানীয় সূত্র জানায়, শাওন ও সাব্বির তাদের আত্মীয় মেহেদীসহ তিনজনে মিলে ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তীব্র স্রোতে দুই ভাই পানিতে তলিয়ে যায়। তবে মেহেদী কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। লালমনিরহাট প্রতিনিধি।
৩ গরু রেখে পালাল চোর
চট্টগ্রামের মিরসরাইয়ে চুরির পর পুলিশের তাড়া খেয়ে তিনটি গরু ফেলে পালিয়ে গেছে চোর চক্র। জোরারগঞ্জ থানা পুলিশ গরুগুলো উদ্ধার করে বর্তমানে থানা হেফাজতে রেখেছে এবং এগুলোর প্রকৃত মালিকের সন্ধান করছে। পুলিশ জানায়, গত রোববার সকালে জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় বেদেপাড়া এলাকায় চোরাই গরু নিয়ে একদল চোর অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় দূর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোররা গরুগুলো রেখে পালিয়ে যায়। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া গরুগুলোর উপযুক্ত প্রমাণ ও দলিল উপস্থাপন সাপেক্ষে প্রকৃত মালিককে ফেরত দেয়া হবে। একই সাথে চুরির সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা।



