আলজাজিরা
লেবানন সরকার জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার গুটিয়ে নেয়ার দ্বিতীয় ধাপ সম্পন্ন করতে সেনাবাহিনীর অন্তত চার মাস সময় লাগবে। সোমবার তথ্যমন্ত্রী পল মরকোস এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের মধ্যে লেবাননকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের পথে এগোতে হচ্ছে। প্রায় প্রতি দিনই ইসরাইল লেবাননে হামলা চালাচ্ছে।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তি হয়। এর অংশ হিসেবে লেবানন সরকার হিজবুল্লাহর অস্ত্র গুটিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয়। সেনাবাহিনী জানিয়েছে, প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এতে লিতানি নদী থেকে দক্ষিণ সীমান্ত পর্যন্ত এলাকা অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় ধাপে লিতানি থেকে আওয়ালি নদী পর্যন্ত এলাকা থাকবে। মন্ত্রী মরকোস বলেছেন, সেনাবাহিনীর পরিকল্পনা অনুযায়ী চার মাস সময় লাগবে। তবে ইসরাইলি হামলা ও অন্যান্য পরিস্থিতির কারণে সময় বাড়তে পারে। হিজবুল্লাহ বলেছে, নিরস্ত্রীকরণের প্রচেষ্টা যুক্তরাষ্ট্র-ইসরাইলের পরিকল্পনা। তারা লিতানি নদীর উত্তরে অস্ত্র ছাড়তে রাজি নয়।



